
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, যা নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তার প্রথম জেলা সফর হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সেখানে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথমবার নিজ জেলায় সফর।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমানের স্বাক্ষরিত সূচি অনুযায়ী, সফরকালে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন, পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। এছাড়া শহরের নিজ বাসভবনেও সময় কাটাবেন তিনি।
চার দিনের এই সফর শেষে আগামী ৩১ মার্চ দুপুরে হেলিকপ্টারে করে তিনি পুনরায় ঢাকার বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।