
দেশের জ্বালানি ব্যবস্থাকে আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করার জন্য দেশের সব পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি অনলাইন সভায় গৃহীত হয়।
সভায় জানানো হয়, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এই দায়িত্ব বিপিসি পালন করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অঞ্চলের প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করবেন।
ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ বা বিপিসি কর্তৃক নির্ধারিত নিয়ম অনুসারে কাজ করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন প্রদান করবেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কাছে তথ্য প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।