
সরকারি কলেজের শিক্ষকদের দীর্ঘদিনের অবকাশ সুবিধা বাতিলের পথে যাচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, যেখানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদগুলোকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্মারকে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো গ্রীষ্ম বা শীতকালীন দীর্ঘ ছুটি ভোগ করতে পারবেন না।
নতুন ব্যবস্থায় শিক্ষকরা অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো বছরে নির্ধারিত ২০ দিনের অর্জিত ছুটির আওতায় আসবেন বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের দীর্ঘ অনির্ধারিত ছুটি কমিয়ে তাদের একাডেমিক ও প্রশাসনিক কাজে আরও সক্রিয় রাখাই এই উদ্যোগের লক্ষ্য। এতদিন নির্ধারিত ছুটির বাইরে কলেজ বন্ধ থাকলে শিক্ষকরা অতিরিক্ত অবকাশ সুবিধা পেতেন, যা এখন বাতিলের পথে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, ১৯৫৯ সালের ছুটি বিধিমালায় অবকাশভিত্তিক কর্মচারীদের জন্য আলাদা বিধান রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় এই সংজ্ঞা পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরে অর্থ মন্ত্রণালয় আগে থেকেই পরামর্শ দিয়ে আসছিল। সেই প্রেক্ষাপটে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে সংশ্লিষ্ট বিধি সংশোধনের উদ্যোগ নেয়।
প্রস্তাবটি পর্যালোচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পুরো শিক্ষা খাতকে সরাসরি ‘নন-ভ্যাকেশন’ হিসেবে ঘোষণা করা জটিল হলেও বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যদের ছুটি কাঠামো সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব। মূলত শিক্ষকদের অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সুবিধার সমতা আনতেই এই প্রশাসনিক সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে।