
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, “যুদ্ধের কারণে অনেক বাংলাদেশি শ্রমিক কাজে যেতে পারছেন না এবং তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। তবে প্রবাসীদের সুরক্ষায় সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”
রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের লজিস্টিক সহায়তা দেওয়া এবং কেউ আহত হলে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পরিস্থিতি আরও অবনতি হলে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।”
মন্ত্রী আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি মনিটরিং সেল গঠন করেছে। এই সেল প্রতিদিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে এ পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে এবং পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিদেশে বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে মন্ত্রী বলেন, “বন্ধ থাকা বাজারগুলো খোলার চেষ্টা চলছে। তবে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না। এ কারণে বিকল্প হিসেবে পূর্বদিকের দেশগুলোর বাজারে গুরুত্ব দেওয়া হচ্ছে।”
রমজান ও যুদ্ধের কারণে বর্তমানে এই প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চললেও আগামী মাস থেকে তা গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।