
ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির তালিকায় আরও দুই দিন করেছে সরকার। নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করায় এবার ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত টানা ঈদের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যবণ্টন সংক্রান্ত বিধিমালায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ধারার ক্ষমতাবলে আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝখানে ১৮ মার্চ বুধবার নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এই ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে কিছু জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, অগ্নিনির্বাপণ ও উদ্ধার সেবা, সমুদ্র ও নৌবন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং এসব সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন দপ্তরও ছুটির বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম পরিচালনা বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় সাধারণ ছুটি ঘোষণা সংক্রান্ত বিষয়টি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে নির্ধারণ করবে।