
বন্ধ থাকা সাতটি পাটকল পুনরায় চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে।
তিনি জানান, শুক্রবার শুরু হতে যাওয়া এ মেলার উদ্বোধন অনলাইনে করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মেলায় পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও জানান, দীর্ঘদিন বন্ধ থাকা সাতটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য পাটকলগুলো পর্যায়ক্রমে বেসরকারি ব্যবস্থাপনায় চালু করা হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক ও উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমাতে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত পাটকলগুলো দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর কার্যক্রমও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ৯টিতে প্রায় ৭ হাজার ২০০ শ্রমিক কাজ করছেন, যা উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে।