
প্রধানমন্ত্রীর বেশ কিছু ঘোষণা দুর্নীতিবিরোধী পদক্ষেপে আশা দেখাচ্ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে টিআইবির সুপারিশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন সরকারপ্রধানের কিছু ঘোষণা দুর্নীতিবিরোধী পদক্ষেপে আশার সঞ্চার করেছে। তবে মন্ত্রীদের দুর্নীতিবিরোধী অবস্থান ইতিবাচক হলেও কয়েকজন মন্ত্রীর বক্তব্য হতাশা তৈরি করেছে।
টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাবমুক্ত করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগ প্রয়োজন।
এ সময় সংস্থাটি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও তুলে ধরে। এর মধ্যে রয়েছে—
স্বাধীন পুলিশ কমিশন গঠন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তি
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব কমানো
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া
সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিকে স্বাভাবিকতা দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।