
সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারের পরকারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে জামিন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আনিস আলমগীরের জামিন মঞ্জুরের আদেশ দেন।
আজ আদালতে জামিনের শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। শুনানির পর তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছিলেন। আনিস আলমগীর রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন।
গত বছরের ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। ১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করা হয় এবং একই দিন তার জামিন আবেদন করা হয়।
আদালত তখন জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।