
রাজধানীর খিলগাঁওয়ে একটি সোনার দোকান থেকে একশ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় দেড় লাখ টাকা নগদ চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের দোকানে এই ঘটনাটি ঘটে।
খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “সকাল বেলায় মালিকপক্ষ চুরির ঘটনাটি আমাদের জানায়। ধারণা করছি, রাতের কোনো এক সময়ে দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। প্রথমে মালিকপক্ষ জানিয়েছিল, ১০০ ভরি স্বর্ণালঙ্কার, ১৫০ ভরি রূপার অলঙ্কার এবং নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তারা ৭০ ভরি স্বর্ণালঙ্কারের কথা বলেছে। লিখিত অভিযোগ দিলে প্রকৃত লুট হওয়া স্বর্ণের পরিমাণ জানা যাবে।”
ওসি জানান, পুলিশ এখন ঘটনাস্থলে কাজ করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।