
উত্তর কোরিয়া নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে, যা দেশটির নৌবাহীর নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে চালানো হয়। এই পরীক্ষায় সরাসরি উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর জানিয়েছে আল জাজিরা।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নতুন ডেস্ট্রয়ার জাহাজটির নামকরণ করা হয়েছে চো হিওন। জাহাজটির ওজন ৫০০ টন এবং এটি পুরোপুরি উত্তর কোরিয়ার নৌবাহিনী কর্তৃক নির্মিত।
উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে বুধবার (৪ মার্চ) এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। কেসিএনএ জানিয়েছে, চো হিওন ডেস্ট্রয়ারটি নাম্পো শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করেছিল।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে সংক্ষিপ্ত ভাষণে কিম জং উন বলেন, “পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যত সাফল্য অর্জন করেছি, সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে অর্জিত হয়নি।”