
২০০৬ সালে চূড়ান্ত সুপারিশের পর নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্ট পুনরায় চাকরিতে ফিরবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল। শেষ পর্যন্ত অনুমোদন করেননি। তারা ন্যায়বিচার পাবেন। আদালতের রায় অনুসারেই তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে সেটা অনুমোদন হয়নি, জানি না। তবে অবশ্যই তারা ন্যায়বিচার পাবেন, নিয়োগ পাবেন।’
তিনি আরও জানান, পুলিশের ২৭০১টি কনস্টেবল পদ বর্তমানে শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’