
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দ্রুত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে প্রেরণ করতে জরুরি নির্দেশনা জারি করেছে। অধিদফতর সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিল দাখিল না করলে বেতন প্রক্রিয়াকরণে জটিলতা সৃষ্টি হতে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নানের স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিলে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে না পৌঁছালে তার সব দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপরই বর্তাবে।”
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানরা ইএমআইএস সিস্টেমে লগ-ইন করে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি মাসের এমপিও বিল অনলাইনে জমা দেবেন। এ ক্ষেত্রে তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করতে হবে।
প্রতিষ্ঠান প্রধানদের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে তাদের এবং পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রমাণ হিসেবে এটি ব্যবহার করা যায়।
চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে, তালিকাভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসের প্রাপ্য অর্থ অনুযায়ী বিল জমা দিতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা স্থগিতের প্রয়োজন হলে তা স্পষ্টভাবে বিল সাবমিট অপশনে উল্লেখ করতে হবে।
অধিদফতর জানিয়েছে, শুধুমাত্র আইবাস প্লাস প্লাস পদ্ধতিতে যাচাইকৃত ভ্যালিড তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত থাকবে। যাদের তথ্য এখনও সংশোধন বা যাচাই হয়নি, সঠিক তথ্য প্রাপ্তির পর তা যুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, সময়সীমার মধ্যে নির্ভুল তথ্যসহ বিল অনলাইনে জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে প্রেরণ সম্ভব হবে না।