
বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আবারও কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, কমিশনের সুপারিশের ভিত্তিতেই পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কমিশন গঠনের পর পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আছে।’
আইনশৃঙ্খলা বাহিনীতে পদায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের একটা মেসেজ ক্লিয়ার, চেইন অব কমান্ড বজায় রাখতে হবে। নির্বাচনের আগে দেশে লটারিতে ওসি-এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এতে যার যেখানে যাওয়ার কথা না সেখানে দেওয়া হয়েছে। যারা যে জেলা সামলাতে পারবেন না তাকে সেখানে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এগুলো সার্ভিস রেকর্ড দেখে দেওয়া উচিত ছিল। আমরা মনে করি, এই লটারির প্রক্রিয়াও স্বচ্ছ হয়নি। আমরা এগুলো নিয়ে কাজ করব।’
৫ আগস্টের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো সম্পর্কেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, ‘৫ আগস্টে বেশ কিছু মামলায় অনেক সুবিধাবাদী গ্রুপ ভোগান্তিতে ফেলতে সাধারণ অনেককে মামলায় জড়িয়েছে। এগুলোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া হবে। এ কাজগুলো পুলিশ করবে।’