
কুড়িগ্রামে ধরলা সেতুর অবকাঠামোর দুটি লোহার নাট চুরির ঘটনা ঘটেছে, যা সেতুর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা সেতুর মূল স্প্যান থেকে নাট দুটি খুলে নিয়ে যায়। এই সেতুটি দিয়ে প্রতিদিন কুড়িগ্রাম, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর হাজার হাজার যানবাহন চলাচল করে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে পথচারীরা সেতুর মূল কাঠামোর জয়েন্টে নাটের অংশ চুরি হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে সচেতন হন।
পথচারী আমিনুল ইসলাম, জলিল মিয়া ও আসাদুলসহ অনেকে বলেন, “এ ধরনের চুরি শুধু সম্পদের ক্ষতি নয়, এটি জননিরাপত্তার জন্যও বড় হুমকি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
সড়ক ও জনপথ অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেতুটির নাট চুরি হওয়ার খবর শুনেছি। এতে আতংকের কিছু নেই। নাট দুটি পুনরায় বসানোর ব্যবস্থা করা হয়েছে। এক-দুই দিনের মধ্যে কাজ শেষ হবে।”