
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন।
ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল ২০২৪ সালের ৮ আগস্ট। আগামীকাল (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন জয়ী হয়েছে।