
সরকার গঠনের প্রাক্কালে রাজনৈতিক যোগাযোগ জোরদার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবার তিনি সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম–এর সঙ্গে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে চরমোনাই পীরের বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান তিনি।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে এবং পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র আহ্বায়ক নাহিদ ইসলাম–এর বাসভবনে যান তারেক রহমান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে।