
দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনের জন্য দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ ও উত্তেজনা বিরাজ করছে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেরপুর-৩ আসন বাদে দেশের বাকি ২৯৯টি আসনের ৪২,৬৫১টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ৫০টি রাজনৈতিক দল এবং ২,০২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র। বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে লড়ছেন ২৯০ জন এবং জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ রয়েছে ২২৮টি আসনে।
ভোটার সংখ্যা ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬, যার মধ্যে নারী ও পুরুষ প্রায় সমান। শান্তি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দেশের ইতিহাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীসহ প্রায় ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন সদস্য মাঠে রয়েছে। প্রথমবারের মতো নির্বাচনের নিরাপত্তায় ড্রোন ও পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এবং দেশের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এছাড়া, ভোটের সঙ্গে মিলিয়ে অনুষ্ঠিত হচ্ছে গণভোট, যার ফলাফলের ওপর নির্ভর করবে সংবিধান সংশোধনের একগুচ্ছ প্রস্তাব। নির্বাচন নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসী, নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের গুরুত্ব তুলে ধরে দেশবাসীকে ভয়ভীতিহীনভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটারদের নিরাপদ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পাশাপাশি ফলাফল গণতান্ত্রিকভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোনো ধরনের নির্বাচনি অপরাধ বা জাল ভোট বরদাস্ত করা হবে না। র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, ভোটের সময় কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে নিরাপত্তার জন্য বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
এই নির্বাচনে ৩৯২ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রায় ৪৫ হাজার দেশি পর্যবেক্ষক মাঠে থাকবেন। এছাড়া প্রায় ১০ হাজার সংবাদকর্মী নির্বাচনের সংবাদ সংগ্রহ করবেন। ভোটের পর কেন্দ্রে প্রাথমিক গণনা হয়ে ফলাফল ঘোষণা করা হবে। আশা করা হচ্ছে, অধিকাংশ আসনের ফল মধ্যরাতের মধ্যেই জানা যাবে।