
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন কোস্ট গার্ড দায়িত্ব পালন করবে। তারা দায়িত্ব পালন করবে উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে।
ইতোমধ্যে পূর্ব জোনের সদস্যরা চট্টগ্রাম-২, সন্দ্বীপ, কক্সবাজার-২ ও ৪ আসনের কুতুবদিয়া ও সেন্টমার্টিনে মোট ১২২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে। কোস্ট গার্ড বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করছে।
দুর্গম এলাকাগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার্থে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এছাড়া কোস্ট গার্ডের জাহাজ ও উচ্চ-গতিসম্পন্ন বোট ব্যবহার করে উপকূলীয় এলাকায় নজরদারি করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কিউআরএফ ও ডাইভিং টিমও মোতায়েন আছে।
নির্বাচনী এলাকায় শান্তি বজায় রাখতে পৃথক অভিযানে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫১ রাউন্ড তাজা গোলা, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ১৭টি দেশীয় অস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এছাড়া দুইজন আগ্নেয়াস্ত্র কারিগর ও সাতজন দুষ্কৃতকারী আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের এই উদ্যোগের ফলে নির্বাচনী এলাকায় ভোটবান্ধব পরিবেশ ও আইন-শৃঙ্খলা উন্নত হয়েছে। ভবিষ্যতেও নির্বাচনকালীন ও পরবর্তী সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।