
আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সহকারী সচিব এ.বি.এম. আবু বকর ছিদ্দিক।
প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
অফিস চলাকালে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।
তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক ও রেলওয়ে বিভাগ, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় পৃথকভাবে অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত রমজান মাসের শুরু থেকে কার্যকর হবে।