
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কিউআর কোড (QR Code) স্ক্যান এবং ব্যালট পেপার জমা দেওয়ার জন্য আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
ইসি জানায়, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত যেসব ভোটার এখনো ব্যালট খামের ওপর থাকা কিউআর কোড স্ক্যান করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্বচ্ছতা ও নির্ভুল ভোটগণনা নিশ্চিত করতে ডিজিটাল এই যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান না করলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল বলে গণ্য হবে।
এছাড়া ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের উদ্দেশে পৃথক নির্দেশনায় বলা হয়েছে, ব্যালট পেপার হাতে পাওয়ার পরপরই ভোটাধিকার প্রয়োগ করে হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে। এ ক্ষেত্রেও খাম জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট।
নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছানো নিশ্চিত করতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানায় ইসি। সময়সীমা অতিক্রমের পর খাম জমা দিলে তা সময়মতো পৌঁছাতে নাও পারে, ফলে ওই ভোট গণনার বাইরে থাকার ঝুঁকি থাকবে।
জাতীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সব পোস্টাল ব্যালট ভোটারকে ইসির নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।