
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না।”
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় তিনি এ কথা বলেন। জনসভা আয়োজিত হয় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের প্রার্থী এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজের সমর্থনে।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনাদের মা-বাবা, স্ত্রী ও সন্তানদের দোয়া নিয়ে ভোটকেন্দ্রে আসবেন; কিন্তু এবার এটি আপনার আখেরি দিন হবে। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত জনগণের ভোটাধিকার নিশ্চিত করব।” তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ তরুণ প্রজন্মকে ব্যর্থ প্রমাণ করতে চায় এবং বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সিন্ডিকেট তাদের লক্ষ্য অবরোধ করছে।
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে করা হয়েছে, মৃতদের কবর থেকে তুলে ভোট গ্রহণ করা হয়েছে। এবার জনগণকে নিরাপদ ভোটের সুযোগ দিতে আপনাদের জনতার কাতারে এসে নির্বাচন পরিচালনা করতে হবে।”
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির মো. মিজানুর রহমান, নাসিক নেতারা এবং ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।
এদিন প্রধান অতিথি মওলানা রফিকুল ইসলাম খাঁনের হাত ধরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগ দেন।