
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই সেখানে গিয়ে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। অনুষ্ঠানের সামনেই তাকে অবস্থান করতে দেখা যায় এবং একপর্যায়ে তাকে বক্তব্য দিতেও দেখা গেছে।
বিক্ষোভ কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক পোস্টে লেখেন, “আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। ফেসবুক ব্যবহারকারী সাদিকুর রহমান খান এক পোস্টে লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে তিনি নিজেই উপস্থিত ছিলেন। ওই পোস্টে তিনি ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন ও মন্তব্যও করেন।
ফেসবুকে সাদিকুর রহমান খান লেখেন, আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়েছিল। মির্জা আব্বাস লোকটার জন্য আগে মায়া হত। এখন আর হয় না। আগের জন্মে খুব বড় কোনো পাপ না করলে পাটওয়ারী নামের এই গজব আল্লাহ আব্বাসের ঘাড়ে ফেলত না।