
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ ১৩টি সংসদীয় আসনে কড়া নিরাপত্তামূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভোটের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা এসব এলাকায় সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগরের ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ আসনে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোট শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, আয়োজন বা তাতে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে মিছিল ও শোভাযাত্রা আয়োজন কিংবা অংশগ্রহণও নিষিদ্ধ থাকবে।
এই বিধিনিষেধ কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
এ সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ধরনের আক্রমণাত্মক বা বিশৃঙ্খল আচরণও করা যাবে না। ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অস্ত্র বহন ও শক্তি প্রদর্শনের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, এসব নির্দেশনা লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ন্যূনতম ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।