
ভোরের নীরবতা ভেঙে হঠাৎ কম্পনে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা ৩৬ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎস শনাক্ত করা হয়েছে।
এর আগেও সাম্প্রতিক সময়ে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত রোববার ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সিলেট অঞ্চলে ভূকম্পন টের পাওয়া যায়। এছাড়া গত বছরের নভেম্বরের শেষদিকে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা।
এর মধ্যে ২২ নভেম্বর সন্ধ্যায় মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দেশে পরপর দুটি ভূকম্পন হয়। ওইদিন প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৭। পরেরটি ঘটে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে এবং এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। সে সময় আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায় এবং দ্বিতীয়টির উৎস ছিল নরসিংদী।