
শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মো. সাফিকুর রহমানকে তার পদ থেকে সরানো হয়েছে। তার স্থলে দায়িত্ব গ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
অফিস আদেশে বলা হয়েছে, মো. সাফিকুর রহমান ফৌজদারি অভিযোগে কারাগারে থাকায় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে এমডি ও সিইও পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এই দায়িত্বও পালন করবেন।
উল্লেখ্য, শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে রোববার রাত ৩টায় উত্তরার একটি বাসা থেকে মো. সাফিকুর রহমান, তার স্ত্রী ও দুই সহকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।