
দীর্ঘ দুই দশক পর বরিশালে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নির্বাচনি রাজনীতিতে দক্ষিণাঞ্চলে নতুন গতি সঞ্চারের বার্তা নিয়ে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বরিশালে পৌঁছান। ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই জনসভায় আসন্ন নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলবেন তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে পুরো বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
আসন্ন নির্বাচন সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে ধারাবাহিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলা পর্যায়ের জনসভাগুলোতে তিনি ৩১ দফার ভিত্তিতে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, ফ্যামিলি ও কৃষক কার্ড প্রবর্তন, পাশাপাশি নারী ও তরুণদের অগ্রাধিকার। সাধারণ মানুষের বিশ্বাস, এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশের চিত্র বদলে যেতে পারে।
ইতোমধ্যে বড় শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকাতেও একাধিক জনসভা ও পথসভায় অংশ নিয়েছেন তারেক রহমান। তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একই সঙ্গে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এর আগে সর্বশেষ ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল সফর করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।