
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এবার হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন।
সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের দায়িত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। এরপর তার স্থলাভিষিক্ত হন সামির আবু ইউনুস।
এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি, ওই হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত হন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। হামাসের ভাষ্য, তাদের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের দেওয়া বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা ছাড়া কিছু নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের চিকিৎসাকেন্দ্র সুরক্ষিত।
এর আগে এক বিবৃতিতে হামাস বলেছিল, ‘দখলদার বাহিনীর ধারাবাহিক লঙ্ঘন বন্ধ এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।