
ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আলোচকদের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন প্রস্তাব তোলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা প্রথমবারের মতো ন্যাটোর সদস্যপদ পাওয়ার শর্তে দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় এনেছেন।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি মস্কো ও আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সফর করেন মার্কিন প্রতিনিধিরা। তাদের এই সফরের পরই এমন মন্তব্য করলেন জেলেনস্কি।
দীর্ঘদিন ধরেই যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে ন্যাটোর সদস্যপদ দাবি করে আসছে ইউক্রেন। দেশটির যুক্তি, সামরিক জোটটির সদস্য হতে পারলে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তবে রাশিয়া বরাবরই নিজেদের সীমান্তের কাছাকাছি ন্যাটোর নতুন কোনো সদস্যরাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে।
অন্যদিকে, দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার বিষয়ে মস্কোর দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন জেলেনস্কি। তার স্পষ্ট অবস্থান, ইউক্রেন নিজেদের সার্বভৌম ভূখণ্ডের কোনো অংশই ছেড়ে দেবে না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি প্রশ্ন তুলেছে—ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? বিষয়টি এবারই প্রথম উত্থাপন করা হয়েছে।’
তিনি আরও জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক বাহিনীর ওপর কোনো ধরনের বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পাওয়া গেলে তিনি সেগুলো গণভোটে উপস্থাপন করবেন।
গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। পরদিন বৃহস্পতিবার তারা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।
তবে পুতিন ও ক্রেমলিনের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে, যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
এর আগে শান্তিচুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে কিয়েভের আশঙ্কা, এসব শর্ত মেনে নিলে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধের সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।
এদিকে, গত মাসে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার উদ্যোগে শহরটিতে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং ত্রাণ পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়।
এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার কোনো সুযোগ নেই। তবে শনিবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব তাকে মনে করিয়ে দিয়েছে, ‘ন্যাটোর বিষয়টি আবারও আলোচনায় ফিরে এসেছে।’
তবে এ নিয়ে আলোচনা যে অত্যন্ত কঠিন হবে, সে বিষয়েও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকার মধ্যে দনবাসের অন্তর্ভুক্ত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের অধিকাংশ অংশ রয়েছে।
দনবাসের যেসব ছোট অংশ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারকে সামরিক দৃষ্টিকোণ থেকে সীমিত ছাড় হিসেবে বিবেচনা করা হতে পারে। তবে রাজনৈতিক ও প্রতীকী দিক থেকে এই সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি। কারণ, এর ফলে দনবাসকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
এর আগে জেলেনস্কি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলের ভূখণ্ড এবং ২০১৪ সালে মস্কোর দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছেন।
সূত্র: বিবিসি