
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজ্যের রাজধানী সিত্তে শহরের উত্তর-পূর্বে পোননাগিউন টাউনশিপের ওই আশ্রয়শিবিরে হামলা চালানো হয়।
এ হামলায় নিজের মেয়ে, খালা ও মাকে হারিয়েছেন ২৭ বছর বয়সী দোকানি চিত সু ওয়াই। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি শুধু দেখেছি, তাদের মরদেহগুলো চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সেই দৃশ্য কীভাবে বর্ণনা করব, বুঝতে পারছিলাম না। আমরা কান্নায় ভেঙে পড়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘এই হামলায় আমাদের পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানে আমার পরিবার ছাড়া আর কেউ ছিল না। আমরা যুদ্ধবিমানের শব্দও শুনতে পাইনি। বিমানটি হঠাৎ এসে বোমা ফেলে চলে যায়।’
মিয়ানমারে পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ চলছে। ওই অভ্যুত্থানের প্রতিবাদে গণতন্ত্রপন্থি কর্মী ও বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। দেশটির সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরেই এসব গোষ্ঠীর প্রভাব রয়েছে।
পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য গৃহযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। রাজ্যটির প্রায় পুরোটাই এখন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে। সেখানে সামরিক বাহিনী অবরোধ আরোপের পাশাপাশি নিয়মিত বিমান হামলা চালাচ্ছে।
সর্বশেষ এই হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চিত সু ওয়াইয়ের দেওয়া ১২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থা ফিউসিন ইয়ন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেট। তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আশ্রয়শিবিরটির অনেক বাসিন্দা চার বছর ধরে সেখানে বসবাস করছিলেন।
২৪ বছর বয়সী খাইন হেইন হটেট বলেন, ‘তারা ভেবেছিলেন, শিবিরটি নিরাপদ। এ কারণে সবাই সেখানে আশ্রয় নিয়েছিলেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, অধিকাংশ মানুষ একই জায়গায় প্রাণ হারিয়েছেন।’
তিনি আরও বলেন, ওই এলাকাটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। তাই সেখানে অবস্থিত আশ্রয়শিবিরে হামলা হতে পারে, এমনটা তারা কখনো কল্পনাও করেননি।
সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরুর পর থেকে সব পক্ষের সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: এএফপি