
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কূটনৈতিক আলোচনা থেকে সরে আসার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর তাঁর প্রশাসনের অবস্থানে এমন পরিবর্তন দেখা যাচ্ছে।
‘দ্য হিউ হিউইট শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগেই তিনি কিউবা নিয়ে সমস্যার সমাধান করতে চান। এ বিষয়ে তাঁর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগ্রহী হবেন বলেও মনে করেন তিনি। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।
কিউবাকে স্বাধীন করতে সামরিক শক্তি ব্যবহারের নির্দেশ দেবেন কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চান। তাঁর প্রশাসনে এ কাজ করার মতো একজন দক্ষ ব্যক্তি রয়েছেন, তিনি মার্কো রুবিও। রুবিওর পারিবারিক শিকড় কিউবায় হওয়ায় বিষয়টি নিয়ে তাঁর আগ্রহ থাকার কথা বলেও মন্তব্য করেন ট্রাম্প।
কিউবাকে ‘ব্যর্থ’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে দেশটির পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ফ্লোরিডার কিউবান-আমেরিকান ভোটারদের কাছ থেকে অতীতে পাওয়া সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ফ্লোরিডায় কিউবান ভোটের ৯৪ শতাংশ তিনি পেয়েছিলেন। তাঁর দাবি, বর্তমানে তিনি আগের চেয়েও বেশি জনপ্রিয়। কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা এবং সেখানে দুর্ব্যবহারের শিকার হওয়া মানুষদের জন্যও তিনি এই পদক্ষেপ নিতে চান।
সাক্ষাৎকারের একপর্যায়ে উপস্থাপক হিউ হিউইট জানতে চান, কিউবায় এক সপ্তাহের সংক্ষিপ্ত সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, এমন পদক্ষেপ বিবেচনা করতে তাঁর আপত্তি নেই।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানেও পরিবর্তনের আভাস দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্টে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের রাজধানী তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এর পরিবর্তে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্য ও শহরগুলোতে কথিত নির্বাচনী জালিয়াতির অভিযোগ তদন্তে মনোযোগ দিতে বলেছেন তাঁকে।
ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শত শত কোটি ডলার এবং হরমুজ প্রণালি পেয়েছে।
ট্রাম্পের এই ঘোষণার পর পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওস। এর প্রভাবে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে দরপতন ঘটেছে বলেও সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের জন্য সিদ্ধান্তটি ছিল আকস্মিক। কয়েক মাস ধরে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং পারমাণবিক আলোচনা আবার শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আলোচক দলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। এমনকি কয়েক দিন আগেও ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স। এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
মঙ্গলবার প্যারিসে জি-৭ সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা আবার শুরু করা কিংবা কূটনৈতিক সমঝোতার চেষ্টা—কোনোটিই না করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর বদলে ইরান সরকারকে আন্তর্জাতিকভাবে একঘরে করার পথ বেছে নিয়েছেন তিনি।
ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র একাধিকবার প্রত্যাখ্যান করেছে। রুবিও ওই প্রস্তাবকে ‘আপত্তিকর, হাস্যকর এবং বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেন।
এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’। কাতার ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত পরিকল্পিত হামলা বন্ধ রাখবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ চালু রাখার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।
এদিকে সংঘাতের মাত্রা কমলেও ছোটখাটো হামলা বন্ধ হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে দেশটির একটি তেলবাহী ট্যাংকারে হামলার পর চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপে হামলা চালিয়েছে।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, বিশেষ করে জ্বালানির দাম বেড়ে যাওয়া, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওই নির্বাচনে দলটি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে। নির্বাচনের ফলাফলের ওপর যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে ভিন্নমত জানিয়েছিলেন ভ্যান্স।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স লিখেছিলেন, যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকান পার্টি হেরেছে। আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়েও যুদ্ধ চালিয়ে যাওয়াকে কেউ যৌক্তিক মনে করলে তিনি সেই অবস্থান প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন ভ্যান্স। তবে দলটি কেন নির্বাচনে হেরেছে, তা সবারই জানা বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন ট্রাম্প। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তিনি অন্য কোনো সিদ্ধান্ত নিতেন না বলেও জানিয়েছেন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট