
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান কমান্ডার মহসিন রেজাই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন।
পোস্টে রেজাই লেখেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এই আগ্রাসনে জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের প্রাণঘাতী হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো নিরাপদ দূরত্ব নেই। কোনো নিরাপদ আশ্রয় নেই। কোনো দায়মুক্তি নেই।’
তবে রেজাইয়ের এই বক্তব্যকে সম্ভাব্য প্রতিশোধের হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। এর অর্থ এই নয় যে, ইরান ইউরোপের নির্দিষ্ট কোনো সামরিক স্থাপনা ইতোমধ্যে হামলার জন্য বেছে নিয়েছে কিংবা সেখানে হামলা চালানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তবে হুমকির ভৌগোলিক বিস্তৃতি থেকে ইঙ্গিত পাওয়া যায়, নতুন করে মার্কিন সামরিক অভিযান শুরু হলে তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রের বাইরেও যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক স্থাপনাগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে।
বুধবার সম্প্রচারিত লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারেও একই ধরনের সতর্কবার্তা দেন রেজাই। তিনি বলেন, ইরান শুধু প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা সীমাবদ্ধ রাখবে না।
বিশেষ করে, ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন বিমান ব্যবহার করা হলে ইউরোপের দেশগুলোর স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন তিনি। এ ছাড়া ওয়াশিংটন যেসব দূরবর্তী দ্বীপকে ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে বলে মনে করে, সেগুলোর কথাও উল্লেখ করেন রেজাই।
তাঁর দাবি, যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা বর্তমানে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তবে এই দাবির পক্ষে স্বতন্ত্রভাবে যাচাই করা যায়, এমন কোনো প্রমাণ দেননি তিনি।
এদিকে গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের চাপের প্রভাবের কথা তুলে ধরে দেশটিতে নতুন করে হামলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রশাসনের ওপর যে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই তাঁর এ বক্তব্য আসে।
কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে রেজাই জানান, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করছে না। একই সঙ্গে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করবে না কিংবা অন্য কোনো দেশে স্থানান্তরেও সম্মত হবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান কাতারের মাধ্যমে একটি পারমাণবিক প্রস্তাব জমা দিয়েছে। তবে তেহরানের অবস্থান হলো, সংঘাতের অবসান ঘটাতে হলে ওয়াশিংটনকে প্রথমে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ করতে হবে।
ইরান এখন পর্যন্ত হামলার জন্য অনুমোদিত লক্ষ্যবস্তুর কোনো তালিকা প্রকাশ করেনি। তবে দেশটির কট্টরপন্থী সংবাদপত্র কায়হান এর আগে বেশ কয়েকটি মার্কিন ও ন্যাটো-সংশ্লিষ্ট সামরিক স্থাপনার নাম উল্লেখ করেছিল, যেগুলো বৃহত্তর সংঘাত শুরু হলে ঝুঁকির মুখে পড়তে পারে। উল্লেখ্য, এর আগে জার্মানির রামস্টেইন বিমানঘাঁটির আকাশে ড্রোন দেখার বিষয়টি নিশ্চিত করেছিল মার্কিন বিমানবাহিনী।
সূত্র: গালফ নিউজ, রয়টার্স