
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি আরও জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। অন্যদিকে, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ওপর হামলা হলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর পরিধি আরও বিস্তৃত হবে।
বুধবার সন্ধ্যায় ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার বৈঠকে ইরানে হামলার সম্ভাবনা মাথায় রেখে সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার দেওয়া নির্দেশনার কারণে দেশটির সেনাবাহিনী এমন কিছু পদক্ষেপ নিতে পারে, যা শেষ পর্যন্ত যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।
বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট নেতানিয়াহুকে একটি বিবৃতি দেওয়ার পর এসব নির্দেশনার কথা প্রকাশ্যে আসে বলে জানিয়েছে কান। বিবৃতিতে আইজেনকট বলেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকলে নেতানিয়াহুর উচিত হবে না সেনাবাহিনীকে কোনো সামরিক অভিযানে পাঠানো। উল্লেখ্য, নেতানিয়াহু বর্তমানে অন্তর্বর্তী দায়িত্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত সপ্তাহান্তে বিরোধীদলীয় নেতা আইজেনকটকে নতুন সরকার গঠনের সুযোগ দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
বিরোধীরা সরকার গঠনে সফল হলে ক্ষমতা হারানোর মুখে পড়বেন নেতানিয়াহু। তবে তিনি জোর দিয়ে বলে আসছেন, তেহরানের সরকার পতন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলবে।
‘পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত’
ইসরায়েলের হামলার প্রস্তুতির খবর এমন এক সময়ে সামনে এসেছে, যখন নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে এবং কূটনৈতিক সমাধানে পৌঁছাতে জোর চেষ্টা চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের উদ্যোগে চলমান কূটনৈতিক আলোচনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা আনতে ব্যর্থ হলে তিনি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত।
এদিকে, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাহলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত এই হামলায় অংশ নেওয়া প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে।
তিনি আরও বলেন, ‘নিরাপদ দূরত্ব বলে কিছু থাকবে না। নিরাপদ আশ্রয়ও থাকবে না। কেউই হামলা থেকে রেহাই পাবে না।’
তেহরান থেকে আল-জাজিরার প্রতিবেদক রেসুল সারদার আতাস জানিয়েছেন, ইরানের নেতৃত্ব বর্তমানে দেশটির নতুন প্রধান আলোচক হিসেবে কঠোর অবস্থানের জন্য পরিচিত রেজায়িকে নিয়োগ দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করছে।
আতাস বলেন, তেহরানে এমন মতও শোনা যাচ্ছে যে, বর্তমান অচলাবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে ইরান আর অপেক্ষা করবে না। বরং আগেভাগেই হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে।
তিনি আরও জানান, ইরানের বর্তমান প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ‘টেকসই প্রতিরোধক্ষমতা’ গড়ে তোলার মাধ্যমে ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়।
বুধবার প্রকাশিত আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের আগে হরমুজ প্রণালির যে অবস্থা ছিল, সেখানে আর কখনো ফিরে যাওয়া সম্ভব হবে না। তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।’
তিনি আরও বলেন, ‘একটি সমঝোতায় পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’
‘বিজয় ঘোষণা করার মতো অবস্থানে থাকতে চায় ট্রাম্প’
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আল-জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পক্ষে এখনো যুক্তি দেখিয়ে যাচ্ছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলছেন, যুদ্ধ শিগগিরই শেষ হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপের কর্মসূচি এতটাই কার্যকর হচ্ছে যে বড় পরিসরে সামরিক অভিযান আবার শুরু করার প্রয়োজন নেই।
অ্যালান ফিশার বলেন, ‘গত কয়েক দিনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কো রুবিও কার্যত দুজনই বলেছেন, বড় ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে। ইরান নির্ধারিত সীমা অতিক্রম না করলে তারা আবারও সামরিক অভিযান শুরু করার প্রয়োজন দেখছেন না।’
তিনি আরও বলেন, ‘এই হোয়াইট হাউসের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন একটি পরিস্থিতি তৈরি রাখা, যাতে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন।’
তবে পর্দার আড়ালে সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে কিছু অগ্রগতি হচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত রয়েছে বলেও মন্তব্য করেন ফিশার।
অন্যদিকে, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ চললেও বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ‘দিনরাত কাজ করে যাচ্ছে’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরোপ করা কঠোর নৌ অবরোধও পুরোপুরি কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। এর পর বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
বুধবার লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৭ ডলার বা ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে।
এর আগের লেনদেনের দিন ইরানে নতুন করে সামরিক হামলার প্রয়োজন নেই বলে মার্কিন কর্মকর্তারা মন্তব্য করার পর তেলের দাম প্রথমে ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে গিয়েছিল।
তবে পরে ইরানের এক কর্মকর্তা দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর তেলের দামের সেই পতন কিছুটা কমে আসে।
সূত্র: আল জাজিরা