
সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতাও প্রকাশ করেননি। বরং ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
ডা. মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার পর থেকেই ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং ছাত্রলীগকে দায়মুক্ত করার চেষ্টা শুরু হয়েছে বলে তাঁদের মনে হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ‘কুষ্টিয়া রক্ষার’ কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে তাঁরা দেখেছেন। একদিকে ছাত্রলীগ এ ঘটনার দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহমুদা মিতু বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র তাঁরা নিজের চোখে দেখেছেন। অথচ সেই বাড়িকেই এখন পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। ঘটনার সময় বাড়িটিতে আটজন সদস্য অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হন। আগুনে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া দুটি ছাগলের মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় নিজেই মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।