
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সম্মেলন স্থগিতের বিষয়টি জানানো হয়।
প্রতি বছর আয়োজিত এই সম্মেলন আগামী ২৬ অক্টোবর শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারের আয়োজন আর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজকেরা জানিয়েছেন, আগামী বছরের সম্মেলনের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই সম্মেলন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এটি আয়োজনের দশম বছর হওয়ায় সম্মেলনটিকে বিশেষ উচ্চতায় নিয়ে যেতে চান তাঁরা। অংশগ্রহণকারীরা যেন প্রত্যাশিত অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইতিবাচক প্রভাব রাখতে পারেন, সেটিও নিশ্চিত করতে চান আয়োজকেরা।
বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের বড় আয়োজন
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে এফআইআইকে অনানুষ্ঠানিকভাবে ‘মরুভূমির দাভোস’ বলা হয়। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বের করে পর্যটন, ক্রীড়া ও প্রযুক্তির মতো খাতে সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়।
বিশ্বের বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। এফআইআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড সোলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লরেন্স ফিঙ্কের মতো প্রভাবশালী ব্যবসায়ীদের।
হুথিদের হামলায় বেড়েছে নিরাপত্তা উদ্বেগ
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইরানঘনিষ্ঠ হুথি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক কয়েক সপ্তাহে সংঘাত তীব্র হয়েছে। আনসারুল্লাহ নামেও পরিচিত এই বিদ্রোহীরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের সামরিক, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ।
রিয়াদে সরকারি কর্মীদের ঘরে বসে কাজের নির্দেশ
হুথিদের ধারাবাহিক হামলার পর সৌদি রাজধানী রিয়াদের সরকারি সংস্থাগুলোর কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ও দুজন পরামর্শক।
রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় রয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ভবনের কর্মীদেরও অফিসে না আসতে বলা হয়েছে।
গত রোববার রাজধানীর একটি সরকারি সংস্থার এক কর্মীকে পাঠানো বার্তায় জানানো হয়, চলতি সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূর থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মীদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।
এ ছাড়া কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদেরও বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ওই এলাকায় বেশ কয়েকটি বড় মার্কিন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।