
দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা এবং পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে তার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী প্রথমে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপে যাবেন তিনি। সকাল ১০টায় সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।
দিনের পরবর্তী কর্মসূচিতে রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে ৭টায় চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন তিনি। পরে রাত পৌনে ৮টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। নির্ধারিত সূচি অনুযায়ী, রাত সোয়া ৯টায় তেজগাঁও বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সরকারের নীতি হলো—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সারা দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপগুলোকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ ছাড়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।