-6ad64845dc100.webp)
অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, অর্থ পাচার ও মানব পাচারসহ সীমান্তপারের অপরাধ মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে চায় মালয়েশিয়া। এসব অপরাধের বিস্তার ঠেকাতে তথ্য বিনিময়, যৌথ উদ্যোগ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেবে দেশটি।
এ লক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর ফিলিপাইনের মাকাতি শহরে অনুষ্ঠেয় সীমান্তপারের অপরাধবিষয়ক আসিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীদের ২০তম সম্মেলনে (এএমএমটিসি) মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীর।
সম্মেলনে আন্তঃদেশীয় অপরাধী চক্রের বিরুদ্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ আরও কার্যকর করাকে অগ্রাধিকার দেবে মালয়েশিয়া। বিশেষ করে অনলাইন প্রতারণা প্রতিরোধে সদস্য দেশগুলোর অভিজ্ঞতা বিনিময়, জাতীয় প্রতারণা মোকাবিলা কেন্দ্রের (এনএসআরসি) কার্যক্রম শক্তিশালী করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর দক্ষতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
সোমবার (১৯ অক্টোবর) মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, অপরাধের ধরন ও পরিচালনপদ্ধতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। অপরাধী চক্রগুলো এখন একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে একাধিক দেশের নেটওয়ার্ক কাজে লাগিয়ে অপরাধ পরিচালনা করছে।
এ পরিস্থিতিতে অপরাধীদের শনাক্ত করা এবং তাদের কার্যক্রম বন্ধ করতে বিভিন্ন দেশের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান, সমন্বিত পদক্ষেপ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে মালয়েশিয়া।
সম্মেলনের পাশাপাশি আসিয়ানের কৌশলগত অংশীদার চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরামর্শমূলক বৈঠকেও অংশ নেবে দেশটি। এ ছাড়া ১৩তম চীন-এএমএমটিসি প্লাস সম্মেলনে সহসভাপতির দায়িত্ব পালন করবে মালয়েশিয়া।