
বাংলাদেশে ফেরার মাস হিসেবে ডিসেম্বরের কথা আগেই জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এবার তিনি বলেছেন, কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ডিসেম্বরেই তুলে ধরবেন। তবে পরিকল্পনাটি ডিসেম্বরের ঠিক কোন সময়ে প্রকাশ করবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।
সম্প্রতি লন্ডনে আয়োজিত ‘Safeguarding Democracy in Bangladesh: Rights, Freedoms and the Rule of Law’ শীর্ষক একটি সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। লন্ডনের ওয়ান গ্রেট জর্জ স্ট্রিটের গডফ্রে মিচেল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। কানাডা ও যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (GCDG) এর আয়োজন করে।
সেমিনারে শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশ শাসনব্যবস্থা, নিরাপত্তা ও জনগণের আস্থার ক্ষেত্রে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ডিসেম্বর মাসে কীভাবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জানাবেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। চলতি বছরের জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থান দমনে সংঘটিত অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়। শেখ হাসিনা বিচারপ্রক্রিয়া ও রায় প্রত্যাখ্যান করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সেমিনারে শেখ হাসিনা ছাড়াও বক্তব্য দেন তার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাজ্যের এমপি বব ব্ল্যাকম্যান এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা।