
রাজধানীর বাংলামোটরে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ ঘটনার পর ঘটনাস্থলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের মোটরসাইকেল আটক করে ভাঙচুর করেন এবং একপর্যায়ে সেটিতে আগুন ধরিয়ে দেন। আহত সোহানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চাঁদা দাবিকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার আওতাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি পাম্পের গলিতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ফেরদৌস আহাম্মেদ সাইমন ও সোহানের মধ্যে চাঁদা দাবিকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে সাইমন সোহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে সোহান রক্তাক্ত আহত হন।
আহত সোহান হাতিরঝিল থানাধীন ৬২/এ নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শামসুদ্দিন।
গুলি ছোড়ার অভিযোগ তদন্ত করছে পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, সোহানকে আঘাত করার পর সাইমন ঘটনাস্থলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর তিনি সেখান থেকে চলে যান বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন সাইমনের মোটরসাইকেলটি আটক করে ভাঙচুর করেন। পরে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।