
টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব ৫০টি জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও খাল পানিতে তলিয়ে গেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংককে টানা বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়কগুলো পানিতে ডুবে যায় এবং অনেক যানবাহন পানিতে আটকা পড়ে। বিভিন্ন এলাকায় বাড়িঘর ও দোকানেও পানি ঢুকে পড়েছে।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানান, নগরীর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খালগুলো পানিতে পূর্ণ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। নগর কর্তৃপক্ষ পাম্পের মাধ্যমে পানি সরানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চাদচার্ট বলেন, বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। খালের আশপাশে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তিনি বাসিন্দাদের গাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ এবং উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টি থেমে গেলে দ্রুত পানি কমে আসবে বলে আশা করছেন গভর্নর। নতুন করে বৃষ্টি না হলে পুরোপুরি পানি নামতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডের আবহাওয়া বিভাগও সতর্কতা জারি করেছে। পূর্ব, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল, ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার ঝুঁকি রয়েছে।