
ইরান বর্তমানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে ‘পূর্ণাঙ্গ সম্মিলিত যুদ্ধের’ মুখোমুখি বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
কারামি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নিরাপত্তা, প্রতিরক্ষা ও মনস্তাত্ত্বিক যুদ্ধও যুক্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
মনস্তাত্ত্বিক ও সংজ্ঞানগত যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষ সাধারণ মানুষের মতামত প্রভাবিত করা এবং তাদের মধ্যে মানসিক চাপ তৈরির জন্য সংবাদমাধ্যম ও সাইবার জগতকে ব্যাপকভাবে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে জনগণকে তথ্য ও প্রচারণার প্রভাব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে হবে।
অন্যদিকে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলার প্রসঙ্গ টেনে কারামি বলেন, তেহরান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে।
ইরানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কার কথা বলে আসছেন। গত ২১ সেপ্টেম্বর ইরানের সামরিক কমান্ডও যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির বিষয়ে ভিন্ন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের পাশাপাশি ইরানে অর্থনৈতিক চাপ, নিরাপত্তা পরিস্থিতি এবং অভ্যন্তরীণ জনমত নিয়ন্ত্রণের বিষয়গুলোও সরকারের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।