
ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকদের ফের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তাঁর ভাষ্য, এ বিষয়ে চলমান আলোচনার মধ্যেই নির্দিষ্ট শর্ত ও সমঝোতায় পৌঁছাতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ কথা বলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইও তাঁর বক্তব্যের বিষয়টি তুলে ধরে।
সাক্ষাৎকারে আইএইএর পরিদর্শকদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে পেজেশকিয়ান বলেন, তারা পরিদর্শনে আসতে চাইলে আলোচনার মাধ্যমে ওই নির্দিষ্ট বিষয় নিয়ে সমঝোতা ও চুক্তিতে পৌঁছানো সম্ভব।
তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের অবস্থানও পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। তিনি দাবি করেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তাঁর ভাষ্য, পারমাণবিক অস্ত্র তৈরি করা ইসলামী দৃষ্টিতে ‘হারাম’ এবং ইরানে কেউ এমন অস্ত্র তৈরির চেষ্টা করতে চাইলেও ধর্মীয়ভাবে সে পথে যাওয়ার অনুমতি নেই।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান আগে আইএইএর পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়ায় দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছিল। সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, নতুন আলোচনার কাঠামোর মধ্যেই পরিদর্শন নিয়ে প্রয়োজনীয় সমঝোতা করা যেতে পারে।
পেজেশকিয়ান আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও সংশ্লিষ্ট কাঠামোর আওতায় আলোচনায় বসতে প্রস্তুত। তাঁর দাবি, তেহরান এর আগেও এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই প্রক্রিয়া ভেঙে যায়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করলে আলোচনার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।