
জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে ওই ঘাঁটির উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিষয়টি সরাসরি এড়িয়ে যান।
গুপ্তচরবৃত্তি নিয়ে ট্রাম্পের পাল্টা বক্তব্য
রোববার (১৩ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে, আমরাও তাদের ওপর করি।’
তবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে চীনা স্যাটেলাইট ছবির সম্ভাব্য যোগসূত্র নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
চীনের কর্মকাণ্ড সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা মূলত আমরা যা করি, সেটাই করে।’
হামলার আগে ইরানকে দেওয়া হয়েছিল স্যাটেলাইট ছবি
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুলাই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে চীনা প্রতিষ্ঠানগুলো ইরানকে জর্ডানের মুওয়াফফাক সালতি এয়ার বেসের উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল।
মার্কিন কর্মকর্তারা পরে ওই ঘাঁটিতে ১৭ জুলাই চালানো ইরানের হামলার সঙ্গে সরবরাহ করা স্যাটেলাইট ছবিগুলোর যোগসূত্র খুঁজে পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে স্যাটেলাইট ছবি সরবরাহের বিষয়টি তিনি তুলবেন কি না—এমন প্রশ্নও করা হয় ট্রাম্পকে।
জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শি জিনপিং যুক্তিসংগত আচরণ করেছেন এবং যুক্তরাষ্ট্রও চীনের সঙ্গে যুক্তিসংগত আচরণ করছে।
নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন তারা কী বলে? তারা বলে, চীন আমাদের ওপর গুপ্তচরবৃত্তি করে। আমি বলি, ঠিক আছে। আমরাও তাদের ওপর গুপ্তচরবৃত্তি করি।’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা চীনা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা স্যাটেলাইট ছবির সঙ্গে ইরানের ওই হামলার যোগসূত্র শনাক্ত করেছেন।
মার্কিন কর্মকর্তাদের কাছে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা হচ্ছে যে যুদ্ধের সময় ইরানকে চীনা প্রতিষ্ঠানগুলোর সহায়তা মার্কিন সেনাদের জন্য সরাসরি প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে।
তবে কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে ওই স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কোনো নাম প্রকাশ করেননি। একই সঙ্গে হামলার ঘটনায় চীন সরকার বা বেইজিং সরাসরি জড়িত ছিল—এমন অভিযোগও তারা করেননি।
২৪ সেপ্টেম্বর শি-ট্রাম্প বৈঠক
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।
এই বৈঠকের আগে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা এবং তার আগে চীনা প্রতিষ্ঠানগুলোর স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগ সামনে এসেছে।