
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার পরিসর বাড়াতে সম্মত হয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
রোববার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইরান ও ইউএইর মধ্যে যৌথ সহযোগিতার ক্ষেত্রগুলোতে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, অতীতের ভুলগুলো পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।
তিনি জানান, দুই দেশ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানোর বিষয়েও সম্মত হয়েছে।
আঞ্চলিক উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা
বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কীভাবে কমানো যায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আরও শক্তিশালী করার কী কী পথ রয়েছে, সেসব বিষয়ও আলোচনায় আসে।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই ইরান ও ইউএইর দুই নেতার এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হলো।
ফেব্রুয়ারি মাসে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর দেশটির সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে ইরানও পুরো অঞ্চলজুড়ে পাল্টা আক্রমণ চালায়।
সূত্র: আনাদোলু এজেন্সি