
পশ্চিমবঙ্গে মাদরাসাগুলোর অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করতে গিয়ে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বন্ধের নোটিশ পাওয়া মাদরাসার মধ্যে মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে রয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদরাসাগুলোকে বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় নথিপত্র দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদনের প্রমাণ দিতে ব্যর্থ হলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
রাজ্যে স্বীকৃত ও অননুমোদিত মাদরাসার প্রকৃত সংখ্যা জানতে গত জুনে রাজ্যজুড়ে সমীক্ষার নির্দেশ দেওয়া হয়। পরে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতাসহ ২২টি জেলায় সমীক্ষা চালানো হয়।
সমীক্ষায় মাদরাসাগুলোর পরিচালনা ব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতি, অর্থের উৎস এবং নিবন্ধনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
সরকারি হিসাবে, বর্তমানে পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদরাসা চলছে। অনুমোদনহীন মাদরাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি।
সরকারের দাবি, সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতেই প্রথম ধাপে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। আরও ১০০টি প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি