
ড্রোন হামলার একদিন পর নিজেদের একটি প্রধান তেল পাইপলাইন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সময়ে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালীর কাছে একটি কৌশলগত দ্বীপ দখল করেছে। দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেব প্রণালীর কাছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই হুথিদের সবচেয়ে বড় আঞ্চলিক অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এই অগ্রাভিযান যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে বৈশ্বিক তেল ও গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার ইরানি কৌশলকে আরও জোরালো করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ড্রোন হামলার পর সৌদি আরব পূর্ব-পশ্চিম বা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ রাখার ঘোষণা দেয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক থেকে আসা বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরাকি সরকারকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে’ এই মুহূর্তে কোনো পাল্টা জবাব দেবে না সৌদি আরব।
এদিকে ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলী আল-জাইদি মায়সান প্রদেশের অপারেশন কমান্ডের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
সরকারের মুখপাত্র সাবাহ আল-নুমান শনিবার ভোরে এক বিবৃতিতে জানান, সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলাগুলো মায়সান প্রদেশের একটি স্থান থেকে পরিচালিত হয়েছিল বলে নিশ্চিত হওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।