
ইউক্রেনের সঙ্গে সাড়ে চার বছর ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ দাবি করেন। খবর এপির।
ভিডিওবার্তায় রিচ নাইটন বলেন, সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন।
ব্রিটিশ সেনাপ্রধান বলেন, নিহতদের সিংহভাগের ঘটনা ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। বিপুলসংখ্যক সেনা হারানোর বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে বলেও দাবি করেন তিনি।
নাইটন বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন ও বৃথাভাবে অপচয় হচ্ছে, নিহতের এই সংখ্যা তা স্পষ্টভাবে তুলে ধরে।
তবে চলমান যুদ্ধে ইউক্রেনের কতজন সেনা বা নাগরিক নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি ব্রিটিশ সেনাপ্রধান।