
জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাইয়ে চালানো প্রাণঘাতী হামলায় ইরান চীনের কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করেছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটির উচ্চমানের উপগ্রহ চিত্র তেহরান সংগ্রহ করেছিল। তবে ইরানকে এসব ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা।
এ ঘটনায় চীন সরকার সরাসরি জড়িত ছিল—এমন কোনো অভিযোগও তোলেনি যুক্তরাষ্ট্র। তবে মার্কিন শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চীনা প্রতিনিধিদের কাছে তুলে ধরলে তারা তা অস্বীকার করেন এবং অভিযোগের পক্ষে প্রমাণ দাবি করেন।
এর আগে গত মে মাসে ইরানকে এ ধরনের উচ্চমানের উপগ্রহ চিত্র সরবরাহের অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা