
বাংলাদেশে পাচারের আগেই পশ্চিমবঙ্গে ফের বড় ধরনের অস্ত্রের চালান জব্দ করেছে ভারতীয় পুলিশ। মুর্শিদাবাদে পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বহরমপুরে পাপাই ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে সাতটি বেআইনি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগাজিন এবং ১৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় ফের অভিযান চালায় শক্তিপুর থানার পুলিশ। ওই অভিযানে আরও পাঁচটি পিস্তল ও ৪০ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব অস্ত্র বিহার থেকে কেনা হয়েছিল। মূলত সেগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সংগ্রহ করা হয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
তবে বাংলাদেশে পাচারের আগে পশ্চিমবঙ্গে অস্ত্র উদ্ধারের ঘটনা এবারই প্রথম নয়। চলতি মাসেই মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বাংলাদেশে পাঠানোর আগেই বেশ কয়েকটি অস্ত্রের চালান আটক করা হয়েছে।
গত ১২ আগস্ট মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে সাতটি ৭ এমএম পিস্তল, ১০টি খালি ম্যাগাজিন এবং ৩৫টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এর একদিন পর, অর্থাৎ ১৩ আগস্ট পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছ থেকেও একটি ৯ এমএম পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।