
যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বড় ধরনের ধাক্কা খেয়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে এই পথে জাহাজ চলাচল কমে প্রায় ২০ শতাংশে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর তথ্য অনুযায়ী, গত সাত দিনে হরমুজ প্রণালি দিয়ে ১০৩টি জাহাজ প্রবেশ করেছে এবং ৮৯টি জাহাজ বের হয়েছে। যুদ্ধ শুরুর আগে একই সময়ে যে পরিমাণ জাহাজ এই নৌপথ ব্যবহার করত, বর্তমান সংখ্যা তার মাত্র এক-পঞ্চমাংশ।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের বিভিন্ন তৎপরতার কারণে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল এখনো ফিরেনি। জাহাজের ওপর দিয়ে ড্রোন ওড়ানো, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক করা বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন স্থানে মাইন থাকার আশঙ্কা—সব মিলিয়ে নৌযান চলাচলে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে।
হরমুজ প্রণালিতে চলাচল কমে যাওয়া জাহাজগুলোর বড় একটি অংশ তেলবাহী ট্যাংকার। মোট কমে যাওয়া জাহাজের প্রায় ৪৫ শতাংশই এই ধরনের জাহাজ বলে জানিয়েছে ইউকেএমটিও।
সংস্থাটির তথ্য আরও বলছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের উপকূলঘেঁষা নৌপথটি বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। গত ৬ জুলাইয়ের পর এই নৌপথে মোট ১৮টি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি হামলাই ঘটেছে ওমানের উপকূলসংলগ্ন ওই এলাকায়।