
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে যাবে না ইরান। এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে যেকোনো সমঝোতার পূর্বশর্ত হলো লেবাননে ইসরায়েলি হামলার সম্পূর্ণ ও নিঃশর্ত অবসান।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো শান্তি চুক্তির মূল শর্ত হচ্ছে লেবাননে ইসরায়েলের আগ্রাসন ও হামলা পুরোপুরি এবং শর্তহীনভাবে বন্ধ করা। তিনি আরও বলেন, লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থন দেওয়া তেহরানের কৌশলগত দায়িত্ব। তার মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে যেকোনো চুক্তিতে লেবানন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয়েছিল। তবে হরমুজ প্রণালি ঘিরে বিরোধের কারণে সেই আলোচনা শেষ পর্যন্ত অগ্রসর হয়নি।
এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে হওয়া কাঠামোগত চুক্তিকে একপেশে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।
অন্যদিকে, লেবানন সেনাবাহিনীর অভিযোগ, নির্ধারিত এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননে সামরিক অভিযান ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। চলমান সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত ৪ হাজার ৩২৯ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।